
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সাইদ আহমেদ আসলামের সাথে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ ২০২৬) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহি, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং জেলা ও উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সাইদ আহমেদ আসলাম এমপি বলেন, উপজেলার উন্নয়নে সকল দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও আইনশৃঙ্খলা খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, প্রকৌশল, কৃষি, প্রাণিসম্পদ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও বিদ্যমান সমস্যার কথা তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।