সুনামগঞ্জে সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময়
মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন শাখার সভাপতি ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সাজুল মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বঞ্চিত ও বৈষম্যের শিকার বৃহত্তর উত্তর সুরমাবাসীর সকল ন্যায্য দাবী বাস্তবায়নে সরকার দলীয় প্রার্থী হিসেবে তাকে সমর্থন জানানোর জন্য ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন।
তিনি বলেছেন,অতীতের কোন সরকারের আমলেই উত্তর সুরমাবাসীর প্রাণের দাবী হালুয়ারঘাট ধারারগাঁও সেতু বাস্তবায়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই মহান জাতীয় সংসদে আমাদের সেতু বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। তাই আমরা আশা করছি বিএনপি সরকারের আমলেই হালুয়ারঘাট ধারারগাঁও সেতু বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ শহরতলীর পূর্ব ইব্রাহিমপুর গ্রামে সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত এক বিশাল মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্ব ইব্রাহিমপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও নাছির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ মুসলিম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি কুটি মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর মিয়া,অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী আব্দুল করিম বাবুল, ব্যবসায়ী মোঃ ওয়াহিদ মিয়া,অক্ষয়নগর থেকে আজিজুর রহমান,ফারুক মিয়া ও সদরগড়ের ব্যবসায়ী সন্তোষ দাস প্রমুখ।
হাজী সাজুল মিয়া বলেন,আমি একজন নগন্য মানুষ। আমার বিদ্যাবুদ্ধি জৌলস ও শান শওকত বলতে কিছুই নেই। আমার বাপও নেই,মা ভাইও নেই,আমি একজন এতিম মানুষ।
তারপরও আমার আহবানে সাড়া দিয়ে আজকের মত বিনিময় সভায় দলে দলে সমবেত হয়ে এই সভাটিকে বিশাল সমাবেশে উন্নীত করেছেন এজন্য আমি প্রথমে আমার স্রষ্টার প্রতি অশেষ শুকরিয়া এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের এ ভালবাসার কাছে আমি এবং আমার পরিবার আজীবন ঋনী হয়ে থাকলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে মডেল ধরে তিনি বলেন,আমি আমার জীবনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছি। আর সেটি হচ্ছে বঞ্চিত মানুষের উন্নয়নে বৈষম্যমুক্ত উত্তর সুরমা প্রতিষ্ঠা করা।
আমি চাই একজন চেয়ারম্যান জনগনের শাসক নয় সত্যিকার অর্থে জনগনের সেবক হিসেবে জবাবদিহীতা নিয়ে যেন তার কার্যক্রম পরিচালনা করেন। আমার এলাকায় যেন দক্ষিণপাড়ের মত প্রতিরক্ষা দেয়াল দ্বারা আমার ইউনিয়নের প্রতিটি গ্রামকে সুরক্ষার ব্যবস্থা করা হয়। নির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা যেন গরীবের হক না মারেন। সকল নাগরিককে যেন সমান সম্মান প্রদর্শন করেন। কারো মধ্যে যেন হিংসা বিদ্ধেষ রাগ প্রতিহিংসা না থাকে। ইউনিয়ন পরিষদে গিয়ে কোন সম্মানিত নাগরিককে যেন অপমানিত না হতে হয়। সরকারী সেবায় যেন সকল নাগরিকগন সমান হিস্যা পান। ভিজিএফ,ভিজিডি ও খয়রানী সাহায্যের মাল যেন আত্মসাৎ না হয়।
তিনি বলেন,আপনাদের সকলের সহযোগীতায় আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার বেতনের টাকা নিজে না খেয়ে অসহায় আর্ত পীড়িত মানুষের সেবায় বিলিয়ে দেব। ইউনিয়নবাসীর প্রধান দাবী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপনে সর্বশক্তি নিয়োগ করবো। খোলাফায়ে রাশেদীনের খলিফাদের আদর্শে ইউনিয়ন পরিষদকে পরিচালনা করবো।
আমি যদি সকলের ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে চেয়ারম্যান আমি নই এ ইউনিয়নের সকল জনগনই চেয়ারম্যান হবেন।
সকলের প্রতি সমান শ্রদ্ধা,সদাচার ও ন্যায়বিচারের মাধ্যমে আমি আমার ইউনিয়নকে একটি সত্যিকার জনকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠানে উন্নীত করবো। আত্ম অহংকার,হিংসা,বিদ্ধেষ ও দাম্ভিকতার পরিবর্তে সত্যিকার সেবক হিসেবে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বিশিষ্ট সালিশী মোঃ আলী আসগর ও ডাক বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সাজাউর রহমানসহ এলাকার বিশিষ্ট পঞ্চায়েত,সালিশী ব্যক্তিত্ব ও মুরুব্বীয়ানগন উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত