কক্সবাজারে অ্যাকশনে প্রশাসনঃ এস্কেবেটর জব্দ, গুড়িয়ে দেওয়া হলো ৫ শ্যালো মেশিন,
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনের সময় শ্যালো মেশিন জব্দ করা হয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় মহল রাতের আঁধারে নদীর উপকণ্ঠে অবৈধ মোকাম বানিয়ে দীর্ঘ সময় ধরে বালু বাণিজ্যে মেতে উঠেছে। এ অবস্থায় নদীর তলদেশ বদলে দিয়ে বিভিন্ন পয়েন্টে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এতে করে নদীর তীরের বিভিন্ন জনপদে ভাঙ্গনের আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল কর্তৃক বালু উত্তোলন নিয়ে নানাবিধ অভিযোগ আপত্তির মুখে আবারও চকরিয়া উপজেলা প্রশাসন মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযানে নেমেছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিউল আলম অভিযান চালিয়ে মাতামুহুরী নদীর চকরিয়া পেকুয়া সীমান্তবর্তী বাগুজরা ব্রীজ এবং বাটাখালী ব্রীজ সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
একইভাবে আগেরদিন বৃহস্পতিবার রাতে চিরিঙ্গা মাতামুহুরী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিউল আলম চর থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর গাড়ি জব্দ করেছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিউল আলম বলেন, মাতামুহুরী নদী থেকে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইতোপূর্বে একাধিকবার অভিযান চালিয়েছে। এরপর কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি সময়ে কতিপয় চক্র একইভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর ইউএনও শাহীন দেলোয়ারের নির্দেশে শুক্রবার বিকালে এবং আগেরদিন বৃহস্পতিবার রাতে মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫টি শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অপর একটি অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি এস্কেভটর গাড়ি জব্দ করা হয়েছে। তবে ওইসময় জড়িতরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরিবেশ বিধংসী এধরণের কর্মকাণ্ড বন্ধে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এধরণের জনস্বার্থ সংশ্লিষ্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত