প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’
মোঃ নুরুজ্জামান ,নীলফামারী
নীলফামারীর জলঢাকার কৃতি সন্তান ও দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত নতুন চলচ্চিত্র "যাপিত জীবন" আগামী ২০ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি ঘিরে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বরাবরই সংখ্যায় কম, তবে মানসম্মত ও জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। এর আগে তাঁর পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। পাশাপাশি সারাদেশে তিন শতাধিক সিনেপ্লেক্স প্রতিষ্ঠার দাবিতে তাঁর দীর্ঘদিনের আন্দোলন দেশের চলচ্চিত্র অঙ্গনে একটি আলোচিত বিষয়।
আসন্ন "যাপিত জীবন" চলচ্চিত্রে অভিনয় করেছেন দেশের একঝাঁক বরেণ্য ও জাদরেল অভিনয়শিল্পী। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, কাজী হায়াত, ডলি জহুর, মৌসুমী হামিদ ও মিলি মুন্সীকে। এছাড়া বাবার পরিচালনায় এই চলচ্চিত্রেও অভিনয় করেছেন জলঢাকার মেয়ে, জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
নিজ জনপদের নির্মাতা ও অভিনেত্রীর এই নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত জলঢাকার সংস্কৃতিপ্রেমী ও সাধারণ দর্শকরা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় শুভানুধ্যায়ীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত