ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
নিজস্ব প্রতিনিধি
ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে একটি প্রতারক চক্রের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। চক্রটি বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন প্রচার করে চাকরিপ্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং ভুয়া নিয়োগপত্র প্রদান করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিতরণ করা নিয়োগপত্রের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। এসব বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
এ অবস্থায় চাকরিপ্রত্যাশীসহ সর্বসাধারণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করবেন না কিংবা ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো সংবেদনশীল তথ্য প্রদান করবেন না।
ইসলামিক ফাউন্ডেশনের যেকোনো নিয়োগ কার্যক্রম যথাযথ সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল ইসলামিক ফাউন্ডেশনের সরকারি ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।
প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।
সর্বসাধারণকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
-প্রেস বিজ্ঞপ্তি
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত