গাজীপুরে ফ্ল্যাটের আলমিরায় ইয়াবার বিশাল মজুত! ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী
এমদাদুল হক
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের এলাকায় সরবরাহের অভিযোগও পাওয়া গেছে। এই মাদক কারবারের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।গাজীপুর মহানগরীর শিল্পাঞ্চলখ্যাত গাছা এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে গাছা থানা পুলিশ।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে গাছা থানার পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান ও দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গাছা থানাধীন কলমেশ্বর এলাকার ক্কাস মার্কেট সংলগ্ন ফরমান আলীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।এমন সংবাদের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন উপপরিদর্শক মোঃ মামুনুর রশিদ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাড়ির মালিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায় পুলিশ।এ সময় ফ্ল্যাটে অবস্থানরত মোঃ আলী হোসেন ওরফে রজব এবং তার স্ত্রী মোছা. সাবিনা বেগমকে পাওয়া যায়।পুলিশের দাবি, তল্লাশির একপর্যায়ে তাদের শয়নকক্ষে থাকা সবুজ রঙের একটি স্টিলের আলমিরার ভেতর থেকে উদ্ধার করা হয় ২৪টি সাদা জিপার প্যাকেট।
প্রতিটি প্যাকেটে ছিল ২০০ পিস করে হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট। সবগুলো প্যাকেট গণনা করে মোট ৪ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।পরে ডিজিটাল ওজন মেশিনের মাধ্যমে পরিমাপ করে ইয়াবাগুলোর মোট ওজন পাওয়া যায় ৪৮০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়।
পুলিশের এজাহারে গ্রেপ্তার দুজনের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা হলেন মোঃ আলী হোসেন ওরফে রজব, বয়স ৪৪ বছর এবং তার স্ত্রী মোছা. সাবিনা বেগম, বয়স ৩৮ বছর।তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায়। তবে তারা গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর আক্কাস মার্কেট সংলগ্ন ফরমান আলীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদকের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া থানার কোর্টবাজার এলাকার বাবুল নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ ও সরবরাহের তথ্য পাওয়া গেছে।পুলিশের দাবি, ওই ব্যক্তির সরবরাহ ও সহযোগিতায় গ্রেপ্তারকৃত দম্পতি গাজীপুরসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
তবে কথিত সরবরাহকারীসহ এই চক্রের অন্য সদস্যদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য উদঘাটনের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ ঘটনায় গাছা থানার উপপরিদর্শক মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(গ)/৪১ ধারায় অপরাধের অভিযোগ এনে এজাহার দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার, আসামিদের গ্রেপ্তার এবং মাদকের উৎস শনাক্তের বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।এখন প্রশ্ন হচ্ছে, কক্সবাজার থেকে গাজীপুর পর্যন্ত ইয়াবার এই সরবরাহ নেটওয়ার্কে আরও কারা জড়িত? কীভাবে রাজধানীসংলগ্ন শিল্পাঞ্চলে এসব মাদক পৌঁছাচ্ছে? এসব বিষয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
বিশেষ করে আবাসিক ভবন ও ভাড়া বাসাকে কেন্দ্র করে মাদক সংরক্ষণ এবং বিক্রির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত