মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ
গোলাম কিবরিয়া,বাউফল(পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মনোয়ারা বেগম নামে এক নারী তাঁর তিন ছেলের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক আকনের স্ত্রী। তাঁর পাঁচ ছেলে ও চার মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে তাঁর স্বামী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ধারদেনা করে প্রায় ছয় লাখ টাকা ঋণগ্রস্ত হন তিনি।
পরবর্তীতে ওই ঋণ পরিশোধের জন্য জমি বিক্রির উদ্যোগ নিলে এতে বাধা দেন তাঁর তিন ছেলে রুহুল আমিন, তানভীর ও মেহেদী। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বড় ছেলে মাইনুল হাসান ও চার মেয়ে মায়ের পক্ষ নেওয়ায় তাঁদেরও হত্যার হুমকি দেন অভিযুক্ত তিন ভাই।
মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং সন্তানদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন করতে চাই। কিন্তু আমার তিন ছেলে এতে বাধা দিচ্ছে। তারা সব সম্পত্তি নিজেরা দখলে রাখতে চায়। সম্পত্তি বণ্টনের কথা বলায় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে তারা।”
তবে মায়ের আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিন ভাই। তাঁদের দাবি, তাঁদের ফাঁসানোর জন্য মা, বড় ভাই ও বোনেরা নানা কৌশল অবলম্বন করছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত