মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় আ.লীগ নেতা ও ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার রাত আড়াইটায় নিজ বাড়ি থেকে আটক, পাঠানো হয়েছে আদালতে
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. রফিকুল ইসলাম (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বড়কান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
রোববার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সোনাকান্দা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম মেঘনা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। তাঁর বাবার নাম মৃত গোলাম মোস্তাফা।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান।
এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে অজ্ঞাতনামাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রফিকুল ইসলামকে প্রথমে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী তদন্তে তাঁর নাম আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলির দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকাল ১১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলাটির তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত