হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) উপজেলার করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তারে হরিপুর বাজার এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এসআই বিদ্যুতের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পরে তাঁকে নিয়ে থানায় ফেরার পথে করিচর ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের পথরোধ করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর পাশাপাশি পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত