জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
মোঃ নুরুজ্জামান ,নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটো-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ললিত চন্দ্র রায় (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার গোলনা ইউনিয়নের দিঘীরপাড় এলাকার পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ললিত চন্দ্র রায় জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা ঝাউপাড়া ৭ নম্বর ওয়ার্ডের মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন—ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী (উভয়ের বাড়ি খারিজা গোলনা পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ড)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জলঢাকা নবাবগঞ্জ বাজার থেকে যাত্রীবাহী একটি অটো-চার্জার ভ্যান গোলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জলঢাকা-ডিমলা সড়কের খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৪৪১৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রংপুর মেডিকেলে নেওয়ার পথে ললিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও লোকজনের সহায়তায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত