শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ
মোহাম্মদ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিশুদের মধ্যে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. তারেক রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।
বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাসে অভ্যস্ত করে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ পানি ও হাত ধোয়ার প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দিবসটি পালনের মাধ্যমে দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত