মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার
মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা
মানিকারচর বাজারে দোকানের সামনে ব্যাগ রেখে নারীর চলে যাওয়ার সুযোগে চুরি, অভিযানে উদ্ধার স্বর্ণের ব্রেসলেট, চেইনসহ বিভিন্ন সামগ্রী
কুমিল্লার মেঘনা উপজেলায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকার মামুন মিয়া (৪০) এবং চালিভাঙ্গা ইউনিয়নের টিটুরচরের লাক মিয়া ওরফে লাকি মিয়া (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেলে মানিকারচর বাজারে একটি ফলের দোকানের সামনে ভ্যানিটি ব্যাগ রেখে চলে যান খোকি আক্তার নামের এক নারী। প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি ব্যাগটি আর খুঁজে পাননি। ব্যাগটিতে নগদ ৪৮ হাজার টাকা ও বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল।
এ ঘটনায় করা মামলার তদন্তের ধারাবাহিকতায় ২৩ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিটে মানিকারচর বাজার থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে মামুন মিয়ার হেফাজত থেকে নগদ টাকা, একটি স্বর্ণের ব্রেসলেট, দুটি চেইন, একটি আংটি, একটি চেইন-লকেট, দুইটি কানের দুলের টানা এবং একটি কালো ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে জব্দ করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লাক মিয়ার বিরুদ্ধে চুরির চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলাও রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত