পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার
কাজী বাবলা,পাবনা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার তিন নেতাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত কররেও কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলতে পারেননি।
ওসি আরো বলেন, সোমবার রাতে তিন নেতার গ্রেপ্তারের বিষয়টি জানতে পারি। তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা নেই। মোহাম্মদপুর থানা থেকেও আমাদের কিছু জানানো হয়নি। জানালে তখন বলা যাবে, তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়। তারা ওইসব মামলার আসামি। আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে গ্রেপ্তার তিন নেতাও আত্মগোপনে ছিলেন। এর আগে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও আত্মগোপনে চলে যান।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত