
পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক
কাজী বাবলা,পাবনা
পাবনায় মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টার দিকে জেলার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে সরদার উদ্দিনকে আটক করেছে। নিহত মা সূর্য খাতুন (৫০) ঐ গ্রামের লোকমান সরদারের স্ত্রী।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত ছেলে সরদার উদ্দিন নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে সরদার উদ্দিন গিয়ে মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা না দেয়ায় বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র (কাস্তে) দিয়ে মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি বাড়িতে পালিয়ে থাকা অভিযুক্তকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যে ওই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (কাস্তে) জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।