
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট
এমদাদুল হক
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করছে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামক ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের ঘন কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক ওই ওষুধ কারখানায় আগুন লাগার সংবাদ আসে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মোট ২৫ টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানানো সম্ভব হবে।