
দিনাজপুরে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর
দিনাজপুর সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর ২০২৬ বুধবার সকালে দিনাজপুর সরকারি কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই নবীন বরণ ও গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
দিনাজপুর সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি মুনইমুর রশিদ-এর সভাপতিত্বে এবং শহর শাখা শিবিরের সেক্রেটারি শাহিনুর ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামালুজ্জামান প্রমূহ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যারা আজ অনার্স ১ম বর্ষে ভর্তি হয়েছ, লক্ষ্য ও দিক নির্ধারণ করার এটাই উপযুক্ত সময়। এই বয়সে সঠিক ও ভালো বন্ধু নির্বাচন করা অত্যন্ত জরুরি, যা তোমাদের সৎ ও সঠিক পথে অগ্রসর হতে সহায়তা করবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তোমাদের আগামী দিনের পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবে।” অনুষ্ঠান শেষে অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে ‘রাহাবার শিল্পীগোষ্ঠী’র পরিবেশনায় এক মনোজ্ঞ ইসলামী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।