মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! র্যালি, মহড়া ও আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মেঘনা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফখরুদ্দীন রাজী, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং সংকটকালীন সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা, প্রশিক্ষণ ও আগাম প্রস্তুতি। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে হবে। দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা গেলে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির চর্চা প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই দিবসটি পালনের মূল লক্ষ্য।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত