বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি
রমজান আলী , রাজশাহী
রাজশাহী, ১২ অক্টোবর ২০২৬: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ কর্মশালায় দেশীয় শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও বিসিএসআইআরের সদস্য (অর্থ) মোঃ তৌফিক-ই-লাহী-চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া।
কর্মশালায় দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা, ভোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ তৌফিক-ই-লাহী-চৌধুরী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান, বিসিএসআইআর এবং অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিল্পের বিকাশে গবেষণা ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআরের সঙ্গে অংশীজনদের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দেশীয় শিল্পোদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণাগার গড়ে তোলা, দক্ষ জনবল তৈরি এবং বিশেষ করে প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আহসান হাবীব। তিনি বিসিএসআইআরের বিগত দিনের অর্জন তুলে ধরেন এবং উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান।
এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. শারমিনা ইয়াসমিন। প্রবন্ধে তিনি রাজশাহী গবেষণাগারের বিভিন্ন কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের অগ্রগতি, বিজ্ঞানীদের অর্জন এবং জনকল্যাণে পরিচালিত কর্মকাণ্ড তুলে ধরেন।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যসমৃদ্ধ মতামত উপস্থাপন করেন। তাঁদের প্রশ্নের উত্তর দেন গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। এ সময় বিসিএসআইআরের দ্রুততম সময়ে বিভিন্ন বিশ্লেষণসেবা প্রদান, বিশেষ করে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি, কীটনাশকের অবশিষ্টাংশ ও বিভিন্ন রাসায়নিক উপাদান শনাক্তকরণসংক্রান্ত সেবা শিল্পোদ্যোক্তাদের প্রশংসা অর্জন করে। গবেষণাগারে উদ্ভাবিত বিভিন্ন পণ্যও উপস্থিত অতিথিদের আগ্রহ ও প্রশংসা কুড়ায়।
সভাপতির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, দেশের স্বার্থে শিল্পোদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণার বিকল্প নেই। দেশীয় গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে অনুষ্ঠানের সফল আয়োজন ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত