কালিগঞ্জ বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল
মামুন বিল্লাহ , (কালিগঞ্জ) সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে রাতের বেলায় পাহারাদার (নাইট গার্ড) থাকা সত্ত্বেও ‘ভিআইপি ইমরান ফ্যাশন’ নামের একটি কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন দোকানমালিক। এ ঘটনায় পুলিশের অভিযানে ২৩ বস্তা মালামাল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। দোকানমালিক ইমরান হোসেনের অভিযোগ, বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে আলমগীর হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর দোকানে প্রবেশ করে কাপড়সহ বিভিন্ন মালামাল এবং ক্যাশবাক্সে থাকা নগদ টাকা নিয়ে যায়। তাঁর দাবি, লুট হওয়া মালামাল ও নগদ টাকার আনুমানিক মূল্য ৫০ থেকে ৭০ লাখ টাকা।
দোকানমালিক ইমরান হোসেন জানান, টাকা লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁর দোকানের মালামাল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, বাঁশতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বাবু জানান, ঘটনার সময় তিনি ব্যবসার মালামাল কেনার জন্য শহরে অবস্থান করছিলেন। এ সময় মুঠোফোনে বাজারের একটি দোকানে লুটপাটের খবর পেয়ে তিনি দ্রুত কালিগঞ্জ থানায় যোগাযোগ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৩ বস্তা মালামাল উদ্ধার করে। রজব আলী বাবুর ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা মালামাল দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়ের হেফাজতে রেখে যায় পুলিশ।
এ বিষয়ে নুরুজ্জামান পাড় বলেন, “পুলিশ উদ্ধার করা ২৩ বস্তা মালামাল আমার হেফাজতে রেখে গেছে।”
অন্যদিকে, রবিবার (১১ অক্টোবর) সকালে বাঁশতলা বাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে।
বাঁশতলা বাজারের মতো গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রে এ ধরনের ঘটনার অভিযোগে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দোকানমালিক ইমরান হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত