
সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ
আনিসুর রহমান, সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ও বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন মো. শরিফ, তাঁর স্ত্রী মোসা. রোজিনা আক্তার এবং রিয়াজ ও রনি নামে দুই শিশু ভাই।
রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইন থেকে গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গ্যাস লিকেজের মতো ঝুঁকিপূর্ণ ঘটনা প্রতিরোধে পাইপলাইন ও সংযোগ নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অসতর্কতা কিংবা ত্রুটিপূর্ণ সংযোগের কারণে এমন দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কাও তৈরি হতে পারে। তাই ঘটনার সঠিক কারণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট গ্যাস সংযোগের নিরাপত্তা যাচাই করা প্রয়োজন।