সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অলাভজনক মডেল থেকে বহুমুখী চিকিৎসা কেন্দ্র: জিয়া হার্ট ফাউন্ডেশনের ৩০ বছর বেঙ্গল সু কারখানা বন্ধ: ৫ মাসের বেতন বকেয়া, কর্মহীন ২ হাজার শ্রমিক দুর্নীতি ও মাদকমুক্ত ভোলা পৌর চর জংলা ৯ নং ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাউন্সিলর পদপ্রার্থী হানিফ পঙ্খী রমজান রুপজান বাগেরখাল একাডেমী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আউটসোর্সিং নীতিমালার আত্মঘাতী সংশোধন! জৈন্তাপুরে বড়গাং নদীর পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

বেঙ্গল সু কারখানা বন্ধ: ৫ মাসের বেতন বকেয়া, কর্মহীন ২ হাজার শ্রমিক

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬



বেঙ্গল সু কারখানা বন্ধ: ৫ মাসের বেতন বকেয়া, কর্মহীন ২ হাজার শ্রমিক

মো. গিয়াস উদ্দিন,লক্ষীপুর 

লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। গত ১৫ মে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের নোটিশ দেওয়া হলেও শ্রমিকদের প্রায় পাঁচ মাসের বেতন এখনো পরিশোধ হয়নি। ব্যাংকিং জটিলতা ও আর্থিক সংকটকে কারখানা বন্ধের কারণ হিসেবে জানিয়েছে মালিকপক্ষ।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিধবা, স্বামী পরিত্যক্ত ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম নারী শ্রমিকরা।
রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় প্রায় দুই দশক ধরে চলছিল বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ। কারখানাটি বন্ধের পর শ্রমিকদের বড় একটি অংশ নতুন কাজও পাচ্ছেন না। ফলে বকেয়া বেতন না পাওয়া এবং কর্মসংস্থান হারানোর কারণে তাঁদের পরিবারগুলোতে তৈরি হয়েছে আর্থিক সংকট।
ফাহিমা বেগম (ছদ্মনাম) তাঁদেরই একজন। প্রায় আট বছর আগে স্বামী মারা যাওয়ার পর এক মেয়ে, এক ছেলে ও বৃদ্ধা মায়ের দায়িত্ব নেন তিনি। স্বজনদের সহযোগিতায় মাসে ছয় হাজার টাকা বেতনে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজে কাজ নেন। সেই আয়েই চলছিল তাঁর সংসার।
কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর আয়ের পথও বন্ধ হয়েছে। পাঁচ মাসের বেতন বকেয়া থাকায় পাওনা টাকাও পাননি তিনি। সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন ফাহিমা।
গত শুক্রবার (২ অক্টোবর) কারখানার সামনে অন্তত ১৫ জন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সবার অবস্থাই একই। কেউ স্বামী বা বাবা হারিয়েছেন, আবার কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেকের সঞ্চয়ও শেষ হয়ে গেছে।
শ্রমিকরা জানান, পুরুষদের কেউ কেউ অন্যত্র কাজ পেলেও নারী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম। ফলে তাঁদের বড় একটি অংশ এখনো বেকার।
সোনাপুর এলাকার শ্রমিক জরিনা বেগম বলেন, “পুরুষ শ্রমিকদের অনেকে অন্য জায়গায় কাজ পেয়েছেন। কিন্তু আমরা যুবতী ও মধ্যবয়সী নারীরা কোথাও কাজ পাচ্ছি না। বিসিক শিল্পনগরীতেও যোগাযোগ করেছি, কোনো ব্যবস্থা হয়নি। বিধবা ও একার আয়ে চলা নারীদের জন্য পরিস্থিতি খুব কঠিন।”
কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা এর আগে সড়কে নেমে বিক্ষোভ করেন।
কারখানা বন্ধের কারণ হিসেবে ব্যাংকিং জটিলতা ও আর্থিক সংকটের কথা বলছে মালিকপক্ষ। বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী টিপু সুলতান ও সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিপ্লব পাল মুঠোফোনে বলেন, “বিগত ২০ বছর ধরে লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে আমরা কারখানাটি চালিয়ে আসছিলাম। ব্যাংক-টু-ব্যাংক এলসি সুবিধা বন্ধ হওয়া ও ব্যাংকিং জটিলতার কারণে আমরা নিরুপায় হয়ে পড়েছি।”
তাঁরা বলেন, “সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, ব্যাংকিং সুবিধা পুনরুজ্জীবিত করে লে-অফ তুলে নিয়ে কারখানাটি চালুর সুযোগ দেওয়া হোক।”
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ব্যাংক সুবিধাজনিত সংকটের কারণেই কারখানাটি বন্ধ হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে কয়েক দফা বৈঠক করা হলেও শেষ পর্যন্ত মালিকপক্ষ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে।
বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ পুনরায় চালুর উদ্যোগ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া।
তিনি বলেন, “হাজারো পরিবারের স্বচ্ছলতা এই কারখানার ওপর নির্ভরশীল ছিল। এটি বন্ধ হওয়ায় বিরাট একটি জনগোষ্ঠী বেকার হয়ে পড়েছে। কর্মসংস্থান রক্ষায় সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
সংশ্লিষ্টদের মতে, কারখানাটি বন্ধ হওয়ায় শ্রমিকদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও প্রভাব পড়ছে। দ্রুত কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ব্যবস্থা না হলে সংকট আরও দীর্ঘায়িত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews