
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগে র্যালি ও মশক নিধন অভিযান
আবুল কালাম আজাদ, চাটখিল, নোয়াখালী
দেশজুড়ে ডেঙ্গু ভয়াবহ রূপ নেওয়ায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে নোয়াখালীর চাটখিলে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক সচেতনতামূলক র্যালি, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র আহ্বায়ক মোস্তফা কামালের সরাসরি নেতৃত্বে পৌরজুড়ে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে সাবেক মেয়র নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল ও ব্যস্ততম বাজার এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করেন। একইসাথে ফগিং মেশিনের সাহায্যে মশা নিধনে ওষুধ স্প্রে করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
জনসংযোগে সাবেক মেয়র মোস্তফা কামাল বলেন, তারেক রহমানের নির্দেশে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা রাজপথে নেমেছি। ‘সবার আগে বাংলাদেশ, পরিবেশ সচেতন করব দেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে চাটখিল পৌরবাসীকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।
অভিযানে চাটখিল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।