
সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
মোঃ কামরুজ্জামান,সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন আরো বিস্তৃত হয়ে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। রবিবার রাত আনুমানিক ৩টার দিকে ভাঙনের সূত্রপাত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। এতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে নদী-খালের দিকে চলে গেছে এমনটি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙনস্থলটি কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে। বেড়িবাঁধের পাশাপাশি ওয়াবদা সড়কের একটি অংশও ধসে পড়ায় ওই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকাল থেকেই স্থানীয়রা এসে স্বতঃস্ফূর্তভাবে ভাঙন প্রতিরোধকাজ শুরু করেন। বালি ও মাটি ফেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ রক্ষার চেষ্টা করছেন তারা। আব্দুল খালেক নামে স্থানীয় বাসিন্দা বলেন, সারা বছর আমাদের নদীর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। মনের মধ্যে সবসময় ভয় কাজ করে-কখন ঘরবাড়ি সব প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারি না। সবে মাত্র এলাকায় গাছপালা ও ফসল হচ্ছে। আবার যদি প্লাবিত হয়, তাহলে সব শেষ হয়ে যাবে। হাজার হাজার মৎস্যঘের পানিতে ভেসে যাবে। অপর বাসিন্দা নূরে আলম সিদ্দিকী বলেন, সকাল থেকে স্থানীয় জনগণকে নিয়ে আমরা ভাঙন মোকাবিলায় কাজ করছি। দ্রুত বালি ভরাট করে মেরামত করা না গেলে ভাঙন আরো বিস্তৃত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ভাঙনের পরই সাধারণত পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে। আগে থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। এ কারণে আমাদের সবসময় ভোগান্তি পোহাতে হয়। যে জায়গায় ভাঙন দেখা দিয়েছে, তার সামনেই খাল। বেড়িবাঁধটি পুরোপুরি ভেঙে গেলে প্রতাপনগর ইউনিয়নসহ পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নও প্লাবিত হতে পারে। আমরা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপ চাই।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য জানিয়েছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি। আনুমানিক ৫০ মিটারের মতো বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে।