সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ভান্ডারিঘাট ব্রিজের চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার জনসাধারণের

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



ভাঙা ব্রিজে পারাপার দুই হাজার পরিবারের,ভান্ডারিঘাট ব্রিজের চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে পারাপার জনসাধারণের

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভান্ডারিঘাট ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ব্রিজের মাঝখানের একটি অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল কার্যত ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই হাজার পরিবারের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে রোগী পরিবহনে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিঘাট ব্রিজ দিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। ব্রিজের মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে তৈরি হয়েছে চরম ভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় ভান্ডারিঘাট ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা পুরোনো ব্রিজের স্থলে নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে বিষয়টি দ্রুত সমাধানে স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews