সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি
আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) 
দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ স্বামী আলমগীর সিদ্দিককে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও সন্তান।
তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজের পরিবার।
রোববার ঘোড়াঘাটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী, সন্তান, মা-বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নিখোঁজ আলমগীরের সন্তান শোভন জানান, আলমগীর সিদ্দিক গত ২২ সেপ্টেম্বর তারিখে সকাল দশটায় গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, সম্ভাব্য বিভিন্ন স্থানসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যার জিডি নং- ৯৬৫, তাং- ২৪/৯/২০২৬ইং।  তবে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও আলমগীরের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
সংবাদ সম্মেলনে আলমগীর সিদ্দিকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।
পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আলমগীরকে কেউ আটকে রেখেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews