রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

গোলাম কিবরিয়া, বাউফল(পটুয়াখালী) 
পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন চলবে। আমরা সমাজে কোনো বৈষম্য মেনে নেব না। তিনি বলেন, আজকে যেসকল ক্ষতিগ্রস্ত পরিবার ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়েছেন তাদেরকে কোন দল করে কিংবা কে কোন ধর্মের সেটি বিবেচনা করা হয়নি। বিবেচনা করা হয়েছে কেবলমাত্র তারা সবাই সমাজের বাসিন্দা রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো। বাউফলের কোন মানুষ যেন অসহায়ত্ব ও কষ্টে দিন না কাটায়, সে জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।” এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তাঁদের কল্যাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

তাৎক্ষণিক ভাবে ঢেউটিন ও অর্থ সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং আয়োজকদের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। বাউফল উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম। বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পরিচালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews