খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহতা,২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
এস,এ,রায়,খুলনা :
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে স্বাক্ষর করেন বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। প্রতিবেদনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। অনেক হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে।
২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। খুলনা শহরেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগের প্রায় সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন। এছাড়া এ সময়ে ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে, মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত