মনোহরদীতে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
মো: আল মমিন হোসাইন সজিব, নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদি এলাকার একটি কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৪৫), অলিম উদ্দিনের ছেলে বিপ্লব (৪০), এবাদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও আবুল হোসেনের ছেলে সেলিম ভূইয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কীর্তিবাসদি গ্রামের স্থানীয় শ্যামল ঠাকুরের ভাড়াটিয়া কলাবাগানের ভেতরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের তল্লাশি করে জুয়া খেলার ১৫৬টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫ ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত