গাজীপুরে নকল ও ভেজাল তেল তৈরির অবৈধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ১
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি নামীদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল তেল তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বোর্ড বাজারের ‘ওবায়দুল সুপার মার্কেট’-এ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওই কারখানা থেকে ৩০ জারকিন ভেজাল তেল জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয় পুলিশ। এ সময় প্রতারক চক্রের মূল হোতা ও কারখানার মালিক সুমনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ড এলাকা থেকে অত্যন্ত সস্তা ও নিম্নমানের রাসায়নিক/ইন্ডাস্ট্রিয়াল তেল কিনে এনে জমা করত। পরবর্তীতে ‘কুকডং’ লেখা বড় ড্রাম থেকে সেসব নিম্নমানের তেল ২০ লিটারের ছোট ছোট জারকিনে ভরা হতো। জারকিনগুলোতে সাঁটানো হতো জার্মানির বিখ্যাত ব্র্যান্ড ‘ক্লুবার লুব্রিকেশন’-এর (Klüber Lubrication) নকল লেবেল। এরপর আসল ব্র্যান্ডের তেল দাবি করে বিভিন্ন শিল্প মিল-কারখানায় চড়া দামে তা সরবরাহ করা হতো।
মঙ্গলবার দুপুরে ছোট জারকিনে তেল ভরার কাজ চলাকালীন বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। এ সময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে উল্টো তর্কে জড়ান মালিক সুমন। সন্দেহজনক আচরণের কারণে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়।
সংবাদ পেয়ে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে কারখানার মালিক সুমন কোনো বৈধ কাগজপত্র বা ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হন।
গাছা থানা পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং প্রতারণামূলক এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে ত্রিশ জারকিন ভর্তি ভেজাল তেল জব্দ করে সম্পূর্ণ কারখানাটি সিলগালা করা হয়েছে। আটককৃত সুমনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ চক্রের অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত