
মেঘনায় শিক্ষক রোকনুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মোহাম্মদ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনায় মুগাচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ৩২ বছরের সেবাদানকারী শিক্ষক রোকনুজ্জামানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়কে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক রোকনুজ্জামানের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও বক্তারা উল্লেখ করেন।
বিদায়ী শিক্ষক রোকনুজ্জামান তাঁর বক্তব্যে বিদ্যালয়ে কাটানো দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রতিটি মুহূর্ত আমি আজীবন মনে রাখব।” এ সময় তিনি কর্মজীবনে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকার, সাবেক সদস্য সচিব এম এম মিজানুর রহমান এবং মুগাচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ-আলম।
এ ছাড়া অনুষ্ঠানে জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, হুমায়ুন কবির, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের অবসানে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক রোকনুজ্জামানের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানের শেষদিকে আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানানো হয়।