কক্সবাজারে যৌথ বাহিনীর বিশাল অ্যাকশন: গুঁড়িয়ে দেওয়া হলো মানবপাচারকারীদের ২০ আস্তানা,
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারীদের ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সাইফুল ইসলাম।
তিনি জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামের এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে একটি মানব পাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশের একটি দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই মানব পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ ২ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মানব পাচারকারীদের ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, 'আবারও মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। এর অংশ হিসেবে আমরা যৌথ অভিযানে দুই দালাল গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় এক অপহৃত কিশোরকেও উদ্ধার করেছি। এ অপরাধ রোধে আমরা সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত