জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে মদসহ ভারতীয় পণ্য জব্দ
মাসুক আহমদ, জৈন্তাপুর, সিলেট
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, পিকআপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ও বুধবার (৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, একটি পিকআপ ও গরু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত