রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান: হোটেল ও ফার্মেসিতে জরিমানা।
মুহঃ কাওসার আলী,গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল মোড় এলাকায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) এলাকাটিতে এক ঝটিকা অভিযান চালিয়ে একাধিক খাবার হোটেল ও ফার্মেসিকে নগদ অর্থ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পণ্যের গুণগত মান যাচাই, মূল্য তালিকা প্রদর্শন পর্যবেক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধের মজুদ পরীক্ষা করেন তদারকি দল। এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানে মেয়াদহীন ওষুধ সংরক্ষণ এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দোষী প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়।
অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবসায়ী সমাজকে স্পষ্ট বার্তা দেন। তারা জানান, সঠিক মূল্য তালিকা টাঙানো, ন্যায্য দামে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ করা বাধ্যতামূলক। ভোক্তাদের সাথে যেকোনো ধরনের প্রতারণা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।
এদিকে, রহনপুর মেডিকেল মোড়ের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকারের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বাজার সিন্ডিকেট ভাঙতে এবং জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত বিরতিতে এমন তদারকি অব্যাহত রাখার দাবি জানান তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত