
চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়!
আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে চোরের দল ক্লিনিকের প্রধান ফটক ও অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকে।
ক্লিনিক সূত্রে জানা যায়, নৈশকালীন সময়ে দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের জন্য ব্যবহৃত একটি মূল্যানবান আইপিএস (IPS) এবং বিপুল পরিমাণ দরকারি ওষুধপত্র চুরি করে নিয়ে যায়। শুধু ওষুধ ও মালামাল চুরিই নয়, এ সময় চোরের দল ক্লিনিকের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র ছিঁড়ে তছনছ করে ফেলে রেখে যায়।
পরদিন সকালে বিষয়টি স্থানীয় ও ক্লিনিক কর্তৃপক্ষের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেবামূলক এ প্রতিষ্ঠানে চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।