
বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ২, মাদক ব্যবসায়ী সুমন পলাতক
গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. মাইনুল ইসলাম ওরফে সুমন পালিয়ে যায়।
শনিবার (২২ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় গোলাবাড়ি ব্রিজের তোর সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. মাইনুল ইসলাম ওরফে সুমন পালিয়ে যায়। পরে ওই বাড়ির ভেতর অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোসা. তানিয়া বেগম (৩৩)। তিনি পলাতক মাদক ব্যবসায়ী মো. মাইনুল ইসলাম ওরফে সুমন (৩৫)-এর স্ত্রী। মাইনুল ইসলাম সুমনের পিতার নাম আব্দুল মালেক হাওলাদার। তার ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার ইছাপুর এলাকায়।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. সুমন মৃধা (৩০)। তিনি মৃত হানিফ মৃধার ছেলে এবং বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ইয়াবা কিনতে ওই এলাকায় এসেছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম এবং বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। অভিযানে আরও ছিলেন এসআই সম্বিত রায়, এএসআই আরিফ ইসলামসহ পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, অভিযানের সময় বাড়ির ভেতর থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক মাদক ব্যবসায়ী মাইনুল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”