শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের মাদকাসক্তি চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬



বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের মাদকাসক্তি চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি

নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে উইমেনস ইন্টারভেনশন অব সাবস্ট্যান্স এক্সপোজার (ডাব্লিউআইএসই) কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী বিশেষায়িত ক্লিনিক্যাল প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণে চিকিৎসক, ক্লিনিশিয়ান এবং মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করছেন।

“কমপ্রিহেনসিভ কেয়ার ফর সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার (ডাব্লিউআইএসই) – কোর্স ওয়ান: ক্লিনিক্যাল কেয়ার ফর উইমেন উইথ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার্স” শীর্ষক প্রশিক্ষণটি ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নারীদের মাদকাসক্তিজনিত সমস্যার চিকিৎসায় অংশগ্রহণকারীদের ক্লিনিক্যাল জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে নারীদের বিশেষ চাহিদা বিবেচনায় ট্রমা-সচেতন ও সংস্কৃতিসংবেদনশীল চিকিৎসা পদ্ধতি প্রয়োগে তাদের দক্ষ করে তোলা।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে নারীদের মাদক ব্যবহার ও এর চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মাদক ব্যবহারের শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব, চিকিৎসায় সম্পৃক্ততা ও চিকিৎসা অব্যাহত রাখা, ট্রমা-সচেতন সেবা, স্ক্রিনিং ও সমন্বিত মূল্যায়ন, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা, ক্লিনিক্যাল হস্তক্ষেপ এবং নিরাপদ ও সহায়ক চিকিৎসা পরিবেশ তৈরি।

পাশাপাশি বিষণ্নতা, উদ্বেগ, পিটিএসডি এবং খাদ্যাভ্যাসজনিত সমস্যাসহ সহ-বিদ্যমান মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবিলার বিষয়েও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে তাত্ত্বিক উপস্থাপনার পাশাপাশি দলীয় আলোচনা, রোল প্লে, কেস স্টাডি এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দক্ষতা গড়ে তোলা হচ্ছে। এর ফলে প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও ক্লিনিক্যাল দক্ষতা নারীদের চিকিৎসা ও পুনর্বাসনসেবায় আরও কার্যকরভাবে প্রয়োগ করতে পারবেন।

অভিজ্ঞ রিসোর্স পারসন ইকবাল মাসুদ, মো. তানভীর আহমেদ এবং জান্নাতুল ফেরদৌস প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করছেন এবং অংশগ্রহণকারীদের কোর্সের বিভিন্ন মডিউল ও ব্যবহারিক কার্যক্রমে দিকনির্দেশনা দিচ্ছেন।

মাদকাসক্তিজনিত সমস্যায় আক্রান্ত নারীরা অনেক ক্ষেত্রে ভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক কলঙ্ক, সহিংসতা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা এবং চিকিৎসাসেবা গ্রহণ ও তা অব্যাহত রাখার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাই নারীদের জন্য কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রচলিত চিকিৎসা পদ্ধতির পাশাপাশি তাদের বিশেষ বাস্তবতা, প্রয়োজন ও জীবন-অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রেক্ষাপটে ডাব্লিউআইএসই-এর এ বিশেষায়িত প্রশিক্ষণ নারীদের জন্য লিঙ্গ-সংবেদনশীল, মানবিক ও প্রমাণভিত্তিক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি নারীদের মাদকাসক্তি চিকিৎসায় দক্ষ সেবাপ্রদানকারী তৈরি এবং দেশে আরও কার্যকর, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা ও পুনরুদ্ধার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বর্তমানে ঢাকা আহ্ছানিয়া মিশন নারীদের জন্য দুটি বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনা করছে। প্রতিষ্ঠান দুটি হলো ‘মায়ের হাসি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এবং ‘আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের জন্য বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews