
মেঘনায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) মেঘনা থানা পুলিশের আয়োজনে উপজেলার মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাদকবিরোধী র্যালিটি শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন শোরুমের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সাজ্জাদ হোসেন, সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস স্কুলের শিক্ষক মামুনুর রশীদ ভূঁইয়া, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অহিদুর রহমান, অহিদুল ইসলাম ও মনির মেম্বার।
র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।