
তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু
মোঃ আলমগীর হোসেন লেবু, রংপুর
রংপুরের তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে মুকিত নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকিত ওই এলাকার মইনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল মুকিত। একপর্যায়ে সে বাড়ির পাশে থাকা গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছোট্ট শিশু মুকিতের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’ এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।