সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন ​ভূতুরে বিল ও বেপরোয়া লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা শেরপুরে জমি সংক্রান্ত জেরে গুরুত্বর আহত-১ শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট বুধবার সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি: দিনাজপুর জেলা কৃষকদল নেতা আটক প্রবাসী টিভির পেইজে হামলা,দায়ীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ভয়াবহ সড়ক দুর্ঘটনা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জোনাল কমিটি গঠন মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি: দিনাজপুর জেলা কৃষকদল নেতা আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

থানার ভেতরে সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি: দিনাজপুর জেলা কৃষকদল নেতা আটক

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর কোতোয়ালী থানার ভেতরেই দায়িত্ব পালনরত সিআইডির এক পুলিশ পরিদর্শককে গালিগালাজ, সজোরে চড় মরা এবং হত্যার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলাটিতে মজিবর রহমান ছাড়াও আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনার কাজে কোতোয়ালী থানায় যান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান। রাত ৯টা ৩৮ মিনিটের দিকে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে অবস্থান করার সময় এক ব্যক্তি তার কাছে ওসির অবস্থান সম্পর্কে জানতে চান। নওয়াবুর রহমান নিজের পরিচয় দিয়ে জানান যে তিনি সিআইডি কর্মকর্তা এবং ওসির অবস্থান তার জানা নেই।

এতে ওই ব্যক্তি হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল শুরু করেন। প্রতিবাদ জানালে সঙ্গে থাকা অপর দুই ব্যক্তির প্ররোচনায় অভিযুক্ত মজিবর রহমান সিআইডি কর্মকর্তার ডান গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেন।

ঘটনার সময় থাপ্পড়ের শব্দ ও সোরগোল শুনে থানার ডিউটি অফিসার কক্ষে থাকা এসআই মানিক রানা, এসআই মমিনুর রহমান ও কনস্টেবল রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। নওয়াবুর রহমানের পরিচয় নিশ্চিত করার পরও অভিযুক্তরা দমে যাননি; বরং তারা আরও উগ্র হয়ে পুলিশ পরিবারকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মজিবর রহমানকে থানা হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। তবে এই সুযোগে তার সঙ্গে থাকা অন্য দুই আসামি কৌশলে সটকে পড়েন।

সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান জানান, ঘটনার পর বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। প্রাথমিক চিকিৎসা গ্রহণ ও কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে মামলা দায়ে কিছুটা বিলম্ব হয়। এজাহারের সাথে তার চিকিৎসাপত্র এবং ঘটনার স্থান থেকে ধারণ করা ভিডিও ফুটেজ সম্বলিত একটি পেনড্রাইভ আলামত হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় দায়িত্ব পালনকালে সিআইডি পরিদর্শকের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত মজিবর রহমানকে সেই রাতেই গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews