ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন এর নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাবিবুর রহমান হাবিব, নীলফামারী
রাজধানীর বখশী বাজারস্থ হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ মিলনায়তনে ‘ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"জ্ঞানচর্চা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়ন" শীর্ষক এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, প্রকাশনা, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের পরীক্ষা নিয়ন্ত্রক ডাং সরদার মো. রুহুল আমিন।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর স্বাগত বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাকীম ডাং মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে ২০২৬–২০২৯ মেয়াদের ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী সভাপতি এবং হাকীম ডাং মো. রুহুল আমিন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সভায় বক্তারা গবেষণা, মানসম্মত প্রকাশনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন কমিটিকে এই সংগঠনকে আরও গতিশীল, গবেষণামুখী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম মো. কামরুল ইসলাম নাবাবতী, হাকীম ডাং আব্দুল গনি এবং হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন হাকীম শাহ আলম ভূঁইয়া, ডাং জাহিদুর রহমান, ডাং গোলাম আজম খান, হাকীম ইয়াহিয়া মুন্না, হাকীম নুরুজ্জামান, হাকীম নাসির উদ্দিন কবির ও হাকীম বাকাওয়ালী মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল সংগঠনের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ‘আল-হিজামা’ ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও বাংলা ভাষায় মানসম্মত ইউনানী প্রকাশনার মাধ্যমে ‘আল-হিজামা’ আন্তর্জাতিক অঙ্গনে ইউনানী চিকিৎসার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনানী চিকিৎসক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত