
বাউফলে অসহায় পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ
গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমার যতটুকু সামর্থ্য আছে, তার সবটুকু দিয়েই বাউফলের মানুষের জন্য কাজ করে যাবো। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ও অঙ্গীকার।”
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের ঢেউদিন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম ও বাউফল উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আপেল মাহমুদ ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১০ হাজার টাকা কোনো পরিবারের জন্য বড় সহায়তা না হলেও তা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি এনে দেবে। তিনি এ অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি শুধু দলীয় প্রধানমন্ত্রী নন তিনি গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাউফলের উন্নয়নে তিনি সমান দৃষ্টি রাখার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল এলাকার মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।