
সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ মোট ৩১ জন দরিদ্র পাহাড়ি ও বাঙালি রোগীর সফল চক্ষু অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিনামূল্যে এ অস্ত্রোপচার পরিচালিত হয়।
সফল অস্ত্রোপচার শেষে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রোগীদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে দীঘিনালা জোনে ফিরিয়ে আনা হয়। দীর্ঘদিন পর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া রোগীদের স্বজনদের আনন্দ-উচ্ছ্বাসে জোন প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীঘিনালা জোন সূত্রে জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি-এর সার্বিক নির্দেশনা ও ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত ও দৃষ্টিশক্তি হারানো রোগীদের চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে তাদের নিরাপদে নিজ এলাকায় ফিরিয়ে আনার ব্যবস্থাও সেনাবাহিনী গ্রহণ করে।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি বলেন, “পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
অস্ত্রোপচারের মাধ্যমে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীঘিনালা জোনের এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।