
টাঙ্গাইল উদ্যোক্তা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত
সাফায়াত আহম্মেদ সিদ্দিকী (রতন সিদ্দিকী)
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিবেষ্টন বাড়াতে টাঙ্গাইলে শুরু হয়েছে বিশেষ বৃক্ষরোপণ অভিযান। গতকাল (২৬ জুলাই) ‘টাঙ্গাইল উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে জেলা সদরের হুগরা ও বেগুনটাল এলাকায় এই কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়।
অভিযানের অংশ হিসেবে এলাকা দুটির প্রধান রাস্তার দুই পাশ এবং আশপাশের খোলা পতিত জমিতে প্রচুর পরিমাণ খেজুরের বিচি বপন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ‘টাঙ্গাইল উদ্যোক্তা পরিবার’-এর সভাপতি জনাব মির্জা মাসুদ রুবল এবং সংগঠনের অন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে সভাপতি মির্জা মাসুদ রুবল বলেন, “আমাদের দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে নিয়মিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রচুর গাছ রোপণ করতে হবে। খেজুরের বিচি বপনের মাধ্যমে আজ আমাদের যে সামাজিক কার্যক্রম শুরু হলো, তা আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”সংগঠনের সদস্যরা জানান, পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই সামাজিক অভিযান জেলাজুড়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে।