কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার
মোঃ সোলাইমান ,হাটহাজারী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আহম্মদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত এবং কলেজ কর্তৃক প্রেরিত তিন সদস্যের শিক্ষক প্যানেলের সুপারিশের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ আহম্মদ। পরে শিক্ষক-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানা বলেন, শেখ আহম্মদ একজন অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তার দক্ষ নেতৃত্বে কলেজের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক সেলিম উদ্দিন, অধ্যাপক জাফর আহমেদ তালুকদার, অধ্যাপক মুহাম্মদ আজিম, অধ্যাপক মুহাম্মদ আবু ছালেহ, অধ্যাপক নাসরিন পারভীন, অধ্যাপক প্রণব কুমার নাথ, অধ্যাপক সুমল কান্তি মল্লিক, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক বিপ্লব মহাজন, অধ্যাপক নাজনীন চৌধুরী, অধ্যাপক আশিক সায়েম চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্ল্যাহ, অধ্যাপক আতিকুর রহমান সবুজ, অধ্যাপক শাহিনুর আক্তার, অধ্যাপক উম্মে খায়রুন লিজা এবং অধ্যাপক সালামুন কাওলা সানিসহ কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফয়সাল আন নিজামী। দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ বলেন, “এই কলেজের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। নতুন দায়িত্ব আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং কলেজের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম চালু, তথ্যপ্রযুক্তিনির্ভর লাইব্রেরি গড়ে তোলা এবং কর্মমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে।” তিনি আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজকে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।” শেখ আহম্মদের দায়িত্ব গ্রহণের খবরে হাটহাজারীর শিক্ষা অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে। বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ হাটহাজারী অঞ্চলে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও সাফল্য ও গৌরব অর্জন করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত