
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান
আনিসুর রহমান, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদ পর্যন্ত ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি আরও বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার। রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদল নেতা মাহফুজ খান, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ হাজী মো. মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।