বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

প্রতিবন্ধী ব্যক্তিদের ‘ছায়াসংসদ’র আত্মপ্রকাশ ও ১০ দফা দাবি ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬



প্রতিবন্ধী ব্যক্তিদের ‘ছায়াসংসদ’র আত্মপ্রকাশ ও ১০ দফা দাবি ঘোষণা

 

বিশ্বজিত মন্ডল , ঢাকা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক তথ্য ও সঠিক সংখ্যা নিরূপণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার এবং নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়াসংসদ’। ২০ জুলাই ২০২৬ (সোমবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছায়াসংসদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও ১০ দফা দাবি উত্থাপন করা হয়। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সারাদেশের ৩০০টি সংসদীয় আসন থেকে যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এ ছায়াসংসদ গঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ৬০টি জেলার ১৩৭টি সংসদীয় আসন থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা সদস্য হওয়ার ফরম পূরণ করেছেন। আয়োজকদের লক্ষ্য, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই ৩০০ আসনের পূর্ণাঙ্গ ছায়াসংসদ গঠন করা। ​পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনশুমারি অনুযায়ী দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা মাত্র ১.৮ শতাংশ বলা হলেও সরকারের অন্যান্য সংস্থার মতে তা ৭ শতাংশের বেশি। পরিসংখ্যানের এই বিশাল তারতম্যের কারণে সঠিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিবন্ধী ব্যক্তিরা সহিংসতা ও প্রাণহানির শিকার হচ্ছেন উল্লেখ করে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। নরসিংদীতে ৭০ উর্ধ্ব বাকপ্রতিবন্ধী নারী রবি বেগমকে পিটিয়ে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোসামাজিক প্রতিবন্ধী তরুণ তোফাজ্জল হত্যা এবং ছেলেধরা সন্দেহে রেণু বেগমসহ অসংখ্য সহিংসতার চিত্র তুলে ধরে তারা আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায়বিচার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ​ছায়াসংসদের প্রধান ১০ দফা দাবি: ​১. জীবনব্যাপী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ: বিশেষ শিক্ষার পাশাপাশি মূলধারার বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বৈষম্য ও বুলিং বন্ধ এবং কারিগরি শিক্ষার সুবিধা নিশ্চিত করা। ২. স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে এমআরআই, ব্লাড স্ক্রিনিং ও প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং বেসরকারি চিকিৎসায় ৫০% ডিসকাউন্ট নিশ্চিত করা। ৩. কর্মসংস্থান: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থার সঠিক বাস্তবায়ন এবং শিক্ষিত ও অশিক্ষিতদের জন্য বিশেষ ঋণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। ৪. সামাজিক সুরক্ষা: ফ্যামিলি কার্ড, টিসিবি সামাজিক সুরক্ষা স্কিমে ১০% কোটা, বেকার প্রতিবন্ধীদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত ভাতা প্রদান। ৫. থেরাপি, পুনর্বাসন ও আবাসন: দেশের প্রতি উপজেলায় থেরাপি সেন্টার এবং অভিভাবকহীন প্রতিবন্ধী সন্তানদের জন্য নিরাপদ বাসস্থান ও পুনর্বাসন সুবিধা জোরদার করা। ৬. নিরাপদ যাতায়াত: ১০০টি অ্যাকসেসিবল বাস আমদানি ও গণপরিবহনে সংরক্ষিত আসন নিশ্চিতকরণ। ৭. ক্রীড়া ও বিনোদন: খেলাধুলা, পার্ক ও বিনোদন কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের হয়রানি বন্ধ ও প্রবেশের সমান সুযোগ। ৮. আইন ও নিরাপত্তা: প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ শাখা এবং বিশেষ আদালত গঠন করা। ৯. পৃথক মন্ত্রণালয় ও সংসদে প্রতিনিধিত্ব: জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তত ১০টি আসন সংরক্ষণ এবং পৃথক ‘প্রতিবন্ধী মন্ত্রণালয়’ গঠন করা। ১০. সকল ধরনের প্রতিবন্ধিতার সমান গুরুত্ব: শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধিতার পাশাপাশি নিউরো-ডেভেলপমেন্টাল, শ্রবণ-দৃষ্টি এবং মনোসামাজিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের সমান সুযোগ প্রদান করা। ​উপস্থিত ব্যক্তিবর্গ ​সংবাদ সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ তাসীন খান জীম-এর মাতা নাজরীন হাই। মূল বক্তব্য উপস্থাপন করেন বৃদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি আবু হুরায়রা সাদ। ​এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত (চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, খাগড়াছড়ি, টাঙ্গাইল, ময়মনসিংহের) থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকগণ উপস্থিত থেকে নিজস্ব অভিজ্ঞতা ও দাবিদাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি মো: রেজাউল করিম সিদ্দিকী। ​ছায়াসংসদের উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্লাটফর্মের মাধ্যমে দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত ক্ষমতায়ন ও অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews