
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার উপভোগ করেছে খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয়ের একটি কক্ষে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানজিল পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খিশা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এ ধরনের আয়োজন তাদের সামনে অনুকরণীয় উদাহরণ তুলে ধরে এবং ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে।

” অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও মনোযোগের সঙ্গে সরাসরি সম্প্রচার উপভোগ করে। দেশের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পড়ালেখা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।