এএসআইকে ‘ম্যানেজ করে প্রবাসীর বাড়িতে ‘বোমা সেলিমের হামলা-লুটপাট, এসপির কাছে লিখিত অভিযোগ !
ফালু মিয়া, নরসিংদীর :
নরসিংদীর মাধবদী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) হারেছ উদ্দিনকে ‘ম্যানেজ’ করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ‘বোমা সেলিম’ ও তার সহযোগীদের বিরুদ্ধে এক প্রবাসীর বাড়িতে বর্বর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে সংঘটিত এই হামলায় বাধা দিতে গিয়ে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এই ঘটনায় প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে গত ২৯ জুন ২০২৬ তারিখে নরসিংদীর পুলিশ সুপারের (এসপি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বায়েজিদ আহম্মেদ। ঘটনাটির একটি ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।৫ লাখ টাকা চাঁদা দাবি ও বর্বরোচিত হামলা অভিযোগ সূত্রে জানা যায়, মাধবদী থানার ছোট মাধবদী এলাকার বাসিন্দা বায়েজিদ আহম্মেদ তার দুই প্রবাসী ভাইয়ের পাঠানো টাকায় নিজের বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ করছিলেন। ভবন নির্মাণ শুরু হলে খরমদ্দী এলাকার চিহ্নিত সন্ত্রাসী সেলিম ওরফে ‘বোমা সেলিম’ তার কাছ থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী কিনতে চাপ প্রয়োগ করে। বায়েজিদ এতে রাজি না হলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ২৬ জুন ২০২৬ (শুক্রবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে সন্ত্রাসী সেলিম তার একদল সশস্ত্র সহযোগী নিয়ে বায়েজিদের বাড়িতে হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, মাধবদী থানার এএসআই হারেছ উদ্দিনকে (হারেছ মিয়া) ম্যানেজ করেই এই সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুটের চেষ্টা করে। বাধা দেওয়ায় ১২ জন আহত ও প্রাণনাশের হুমকি হামলা ও লুটপাটের সময় স্থানীয় প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এতে নারী ও পথচারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী বায়েজিদ আহম্মেদ অভিযোগ করেন, "হামলার পর থেকে বোমা সেলিম ও তার সহযোগীরা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা করলে বাড়িঘরে অগ্নিসংযোগ ও সপরিবারে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" পাল্টা অভিযোগ ও প্রশাসনের বক্তব্য অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত সন্ত্রাসী সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে তার পক্ষের লোকজন এলাকায় মানববন্ধন করে এই অভিযোগ অস্বীকার করেছে এবং অভিযোগকারীদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার পাল্টা দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার করেছে। এ বিষয়ে অভিযুক্ত মাধবদী থানার এএসআই হারেছ উদ্দিন বলেন, "আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগকারীরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।" মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। খোঁজখবর নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত