সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার !
আনিসুর রহমান, সোনারগাঁ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত আলোচিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩) এবং আলামিন মিয়া (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিভিন্ন মডেলের ১২০টি আইফোন, ২৬টি স্মার্টফোন এবং নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরচক্রের অন্যান্য সদস্য এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত