আবু রায়হান,জয়পুরহাট :
জয়পুরহাটের কালাইয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. বকুল সরকার (৩৫)। তিনি কালাই উপজেলার শাইলগুন (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার মাত্রাই ইউপির হিমাইল শান্তিনগর তিনমাথার মোড়ে অভিযান চালানো হয়। সেখানে চোরাই ইজিবাইক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বকুল সরকারকে আটক করা হয়। তবে এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, চক্রের অন্য সদস্যদের সহায়তায় টাঙ্গাইল জেলা থেকে ইজিবাইকটি চুরি করে বিক্রির জন্য তারা সেখানে অপেক্ষা করছিল। এ ঘটনায় জড়িত আরও ৩-৪ জনের নাম প্রকাশ করেছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, শনিবার (১১ জুলাই ) আসামির বিরুদ্ধে কালাই থানায় একটি চুরির মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।